কী ছিলেন, জানালেন দীঘি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ PM
নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গত দুই মাস ধরে নিজের ফিটনেস ও শরীরচর্চায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দীঘির ভাষ্য, ওজন বেড়ে যাওয়ার পর পর্দায় নিজেকে কিছুটা ভারী মনে হচ্ছিল। এরপর নিজের ফিটনেসের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের ক্ষেত্রেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী।
দীঘি জানান, গত দুই মাস ধরে কার্বোহাইড্রেট গ্রহণ কমিয়েছেন এবং নিয়মিত ব্যায়াম করছেন। এরই মধ্যে তার ওজন প্রায় ছয় কেজি কমেছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতেও নিজের ফিটনেস ধরে রাখতে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।
দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’
বর্তমানে তার খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং ওভেনে তেল ছাড়া রান্না করা চিকেন। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’
আগামী ডিসেম্বর পর্যন্ত এই রুটিন চালিয়ে যেতে চান অভিনেত্রী। তবে আগের ও বর্তমান ওজন প্রকাশ করতে রাজি নন তিনি। তার ভাষায়, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’
শুধু ব্যক্তিগত পছন্দ নয়, নতুন কাজের প্রস্তুতিও রয়েছে এই পরিবর্তনের পেছনে। সামনে একটি নতুন কাজের পরিকল্পনা চলছে। ফিট থাকলে পর্দায় নিজেকে আরও ভালো লাগে এবং কাজের সুযোগও বাড়ে বলে মনে করেন দীঘি।
সম্প্রতি কক্সবাজার থেকে নতুন লুকের ছবি প্রকাশ করেও আলোচনায় আসেন তিনি। তবে বেড়াতে নয়, শুটিংয়ের জন্যই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। তার ‘বিদায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইরফান সাজ্জাদের বিপরীতে একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি।