ফের শ্রাবন্তী
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ PM
বয়স ৩৯। অভিনয়জীবনের বয়স ২৯ বছর। শিশুশিল্পী হিসেবে শুরু করে দীর্ঘ এই পথচলায় এখনো সমান জনপ্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি। বয়সের চার দশকের কাছাকাছি পৌঁছালেও তাঁর উপস্থিতি ও সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে লাল গাউনে হাজির হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি।
তবে অনুষ্ঠানের আলোচনায় শুধু শ্রাবন্তীর সাজই ছিল না, পাওয়া গেছে নতুন কাজের খবরও। আবারও ‘ঠাকুমা’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে অয়ন চক্রবর্তীর নির্মাণে চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন শ্রাবন্তী।
সেই সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো একই চরিত্রে ফিরছেন তিনি। তবে এবারের সিরিজের পরিচালক বদলেছে। নতুন সিরিজটি নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি। ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল।
প্রথম সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি। তবে সম্প্রতি তাঁর মৃত্যু হওয়ায় নতুন সিজনে তাকে দেখা যাবে না। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও বিষণ্নতা রয়েছে।
হইচইয়ের অনুষ্ঠানে নিজের নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউডের অনেক তারকার একসঙ্গে উপস্থিতি তাঁকে আনন্দিত করেছে বলেও জানান তিনি। নতুন এই আয়োজনের ধারাবাহিকতা বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অভিনেত্রী।