আল আকসায় হাজার হাজার ইসরায়েলি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ PM
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাঁর সঙ্গে অন্যান্য ইসরাইলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারীও সেখানে প্রবেশ করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ ঘটনাকে কেন্দ্র করে জর্ডান এবং ফিলিস্তিনি সংগঠন হামাস তীব্র নিন্দা জানিয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, বেন-গভিরের এই পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করেছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা প্রয়োজন।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ ঘটনাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের’ই ভোগ করতে হবে।
হামাস আরও বলেছে, “আমাদের জনগণ এবং প্রতিরোধ বাহিনী আমাদের পবিত্র স্থানগুলোর অবমাননার মুখে কখনোই নীরব থাকবে না।”
আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে বহু বছর ধরেই ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিদের কাছে একই স্থান ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং এটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।
আল-আকসা প্রাঙ্গণের মর্যাদা ও প্রবেশাধিকারের বিষয়টি দীর্ঘদিন ধরে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম সংবেদনশীল ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।