ইরানে আটকে ট্রাম্প
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৫:৫১ PM
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে পাঠানো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। শুক্রবার (২৪ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তারা এটিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দেওয়া একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন।
তাদের ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিরোধের কোনো সমাধান প্রস্তাবে না থাকায় তেহরান সেটি প্রত্যাখ্যান করেছে। যদিও দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রথম আনুষ্ঠানিক ইরান সফর। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি তেহরানে যান এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ইরানি কর্মকর্তাদের মতে, পূর্বে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পরিবহন এবং আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, সফরকালে আলী আল-জাইদি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেন।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যদি তেহরানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। পত্রিকাটির বরাতে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তেহরান আঞ্চলিক সংঘাত বিস্তৃত করতে পারে। এর মধ্যে তেল আবিবে হামলা এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালি বন্ধের আহ্বান জানানোও থাকতে পারে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং অন্তত ৫৯২ জন আহত হয়েছেন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস