দিল্লির আন্দোলন প্রত্যাহার

ভারত
  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপি নেতারা।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তারা জানান, সরকার তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপির নেতারা বলেন, তাদের অন্যতম প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার এবং নিট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও সরকার মেনে নিয়েছে।

সৌরভ দাস বলেন, “সরকার যেহেতু আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তাই আমরা সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

অন্য মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের দাবিগুলো গ্রহণ করেছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ত্যাগ করার অনুরোধ জানাচ্ছি। আমাদের দাবিগুলো অযৌক্তিক ছিল না, বরং সাধারণ ও ন্যায্য ছিল।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে পুলিশ লাউডস্পিকারের মাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশে ঘোষণা দিচ্ছে যে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে যন্তর মন্তর এলাকার আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে ওই এলাকার ১৬ থেকে ১৭টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন আন্দোলনকারীরা বাড়ি ফিরেছেন।

সূত্র: এনডিটিভি


মন্তব্য