প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী
  © সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে ৬২০টি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ১০০টি কার্টনে আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, চালানটিতে মোট ৬২০টি কিউ জাতের আনারস রয়েছে।

পরে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা উপহারসামগ্রী গ্রহণ করেন। সেখান থেকে এগুলো ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা রাজিব ঘোষ এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরাকে আম উপহার দেওয়া হয়েছিল। তারই সৌজন্য প্রতিদান হিসেবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এই আনারস পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ থেকেও সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল।


মন্তব্য