ইসরায়েলের নতুন ভয়ংকর নির্দেশ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM
অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির বাড়ি বাজেয়াপ্ত ও গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত জুলাইয়ে পশ্চিম তীরের তেল গ্রামে সংঘটিত এক প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইডিএফের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ অভিযুক্ত ফিলিস্তিনি ফারুক রমজানের বাড়ি ভেঙে ফেলার আদেশে স্বাক্ষর করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ জুলাই তেল গ্রামের বাসিন্দা ফারুক রমজান এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। এ সময় ওই এলাকায় গ্রামবাসীদের সঙ্গে একদল ইসরায়েলির সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আইডিএফের সদস্য মাস্টার সার্জেন্ট (অব.) বেনায়াহু মেলেত (৩২) এবং আইডিএফ কর্মকর্তা মেজর ইউভাল এজরা (২৭) নিহত হন। একই ঘটনায় অভিযুক্ত হামলাকারীসহ চার ফিলিস্তিনিও নিহত হন।
আইডিএফ জানিয়েছে, গত সপ্তাহে রমজানের বাড়ি সিলগালা করা হয়েছিল। পরে সেটি বাজেয়াপ্ত ও ভেঙে ফেলার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের পরিবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও আইডিএফ তা খারিজ করে দিয়েছে। তবে তারা এখনো ইসরায়েলের হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ ধরনের আপিল খুব কম ক্ষেত্রেই সফল হয়। তবে কিছু ক্ষেত্রে আদালত পুরো বাড়ি নয়, অভিযুক্ত ব্যক্তি যে অংশ ব্যবহার করতেন, শুধু সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিতে পারেন।