পাকিস্তানজুড়ে বিক্ষোভ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৫ PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৩ সালের এই দিনে ইমরান খান গ্রেপ্তার হওয়ার ঘটনাকে স্মরণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভের আগে পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যম ডনকে জানান, পেশাওয়ারে বড় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের অন্য তিনটি প্রদেশে স্থানীয় ও আঞ্চলিক নেতাদের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালিত হবে। তিনি দাবি করেন, এসব কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা নেই।
তবে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভ চলাকালে পিটিআইর ২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে লাহোরে দলটির কর্মীদের বড় সমাবেশ দেখা যায়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বিক্ষোভ কর্মসূচির দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগাম অনুমতি নিতে হবে। একই বিধিনিষেধ পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদি তারা বিদেশি কোনো গণমাধ্যমের হয়ে কাজ করেন।