অরুণাচলে চীনা দখলের দাবি নাকচ

চীন
  © ফাইল ছবি

ভারতের অরুণাচল প্রদেশের কিছু ভূখণ্ড চীনা সেনারা দখল করেছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি বলেছেন, ভারতীয় সেনারা কার্যকরভাবে দেশটির ভূখণ্ডে নজরদারি চালানোর পাশাপাশি সীমান্তও সুরক্ষিত রাখছে।

শনিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেমা খান্ডু বলেন, অরুণাচল প্রদেশে কোনো ধরনের অনুপ্রবেশের ইঙ্গিত নেই।

দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে আসছে চীন। এর মধ্যেই রাজ্যটির মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এমন মন্তব্য এলো। শুক্রবার ভারত সরকার অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম শনাক্ত করে সেগুলো দেশের মানচিত্রে প্রকাশ করেছে।

ভারতের এক সরকারি কর্মকর্তা জানান, মানচিত্রে এসব স্থান চিহ্নিত করার উদ্দেশ্য হলো এগুলোর সঠিক স্বীকৃতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো।

চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে নতুন নাম ব্যবহার করে আসছে। এসব নামের অনেকগুলো চীনা ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভারত বরাবরই চীনের এ উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির দাবি, নাম পরিবর্তনের মাধ্যমে কোনো ভূখণ্ডের মালিকানা পরিবর্তন করা যায় না এবং অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ।

চীন অরুণাচল প্রদেশকে ‘জ্যাংনান’ নামে অভিহিত করে। ২০১৭ সালে রাজ্যটির ছয়টি স্থানের নাম পরিবর্তন করে চীন। এরপর ২০২১ সালে আরও ১৫টি এবং ২০২৩ সালে ১১টি স্থানের নাম পরিবর্তন করে নতুন মানচিত্র প্রকাশ করে দেশটি। প্রতিবারই চীনের এসব পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ভারত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য