স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করছে ইতালি

ইতালি
  © সংগৃহীত

ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বোরকা-নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে শিগগিরই সরকারের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

স্থানীয় সময় গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) নিজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী-রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির তরুণ শাখার এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রোমে অনুষ্ঠিত ‘জোভেন্তু নাজিওনালে’ উৎসবে মেলোনি বলেন, স্কুলব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে ‘গুরুতর সমস্যায়’ থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হবে।

তিনি বলেন, ইতালিতে এসে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাদের ইতালীয় ভাষা শেখা, দেশটির সংস্কৃতি বোঝা এবং নিয়মকানুন মেনে চলা প্রয়োজন।

প্রস্তাবে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান মেলোনি। তবে মুসলিম নারীদের পরা হিজাব নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সরকার প্রস্তাবটি অনুমোদন করলে সেটিকে আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

অভিবাসন ইস্যুতে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানের জন্য পরিচিত মেলোনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ও অবস্থানে বিভিন্ন পরিবর্তন এসেছে। বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম পরিচিত রক্ষণশীল রাজনীতিক হিসেবে কাজ করছেন।

আগামী বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে মেলোনি সরকারের বিভিন্ন নীতি নিয়ে কাজ করছে। এর মধ্যে ছোট ও মাঝারি আকারের গাড়ি এবং স্কুটারের ওপর আরোপিত করসংক্রান্ত ছাড় দেওয়ার উদ্যোগও রয়েছে।

চলতি মাসের শুরুতে মেলোনির সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী ধারাবাহিক সরকার হিসেবে একটি রেকর্ড গড়ে।


মন্তব্য