‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM
মুম্বাইয়ের শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে আগামী ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তীতে মুম্বাই থেকে এই আন্দোলন শুরুর কথা জানিয়েছে দলটি।
সিজেপির দাবি, ২ অক্টোবর সমাবেশের জন্য মুম্বাইয়ের শিবাজী পার্কে অনুমতি চাওয়া হলেও পুলিশ তা প্রত্যাখ্যান করেছে। পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক খেলাধুলার জন্য নির্ধারিত স্থান। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণ, যানজট এবং আশপাশের হাসপাতালগুলোতে রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। এ কারণে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
পুলিশের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপকে বলেন, নাগরিকদের মতপ্রকাশের সুযোগ বন্ধ করার এমন কৌশল মেনে নেওয়া যায় না। অনুমতি না দেওয়া হলে মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করা হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্তের দাবিও জানানো হয়েছে।
এর আগে সিজেপি জানিয়েছিল, ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে এবং পরে তা ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।