বাংলাদেশের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ বিজেপির
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ PM
রাজপথে আন্দোলনের মাধ্যমে ভারতে নেপাল ও বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস—এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে কংগ্রেস ও জেন-জি আন্দোলনকারীদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে এ অভিযোগ তোলে দলটি।
বিজেপির দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় ফেরার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন। বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এসব অভিযোগ করেন।
এক ভিডিও বার্তায় প্রদীপ ভাণ্ডারি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা থেকেই দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তার অভিযোগ, কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতি তৈরি করা।
এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন নিয়ে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। পরে সেখান থেকে ‘জুতো প্রদর্শন’ নামে একটি বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
সিজেপি নেতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণহত্যা ও ভোট চুরির’ অভিযোগ তুলেছেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। শুক্রবার এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
দিল্লি পুলিশের ভাষ্য, ভোটার তালিকা সংশোধন ও সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা করা হয়েছে।
‘মোদিই পুরো দেশের সমস্যা’, বললেন ধ্রুব রাঠী
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটি তার প্রথম আন্দোলন। আন্দোলনে নামার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সরকার পরিবর্তনের চেষ্টার অভিযোগ ওঠে বলেও জানান তিনি।
ধ্রুব রাঠীর ভাষ্য, নরেন্দ্র মোদি হয়তো মনে করছেন তার সমস্যা শুধু মোদিকে ঘিরে। তবে তার দাবি, ‘পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।’
সূত্র: দ্য হিন্দু, পিটিআই