সরকারি কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ PM
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, গত ১৭ বছরে জনপ্রশাসনে যে রাজনীতিকরণের ধারা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে একটি দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে।
রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। তাই প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সরকারের প্রতি মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কর্মশালা বা প্রশিক্ষণ যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে জনসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা বিধি-বিধানের বাইরে কোনো কাজ করতে পারেন না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচি আইন ও বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই তাঁদের দায়িত্ব।
দেশের তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এ কারণে কার্যকর নীতি প্রণয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন তিনি।
দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কৃষিনির্ভর শিল্পের বিকাশ, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।