বড় দায়িত্বে স্পিকার
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৬:০২ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
স্পিকার বলেন, “বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সংবিধানের বিধান অনুযায়ী আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।”
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
পদত্যাগপত্রে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক ও মানসিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা সম্ভব নয় এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।
এ অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।