জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার, দেখতে লাগবে টিকিট

জুলাই
  © ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন। পরদিন ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাদুঘরের উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজনও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করে তোলা হবে।

এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন অর্থাৎ ৫ আগস্ট জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।


মন্তব্য