কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে একমত সৌদি-বাংলাদেশ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৮ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণে সৌদি আরব আগ্রহী। তিনি বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি বিনিয়োগের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমান সরকার এ সম্পর্ককে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে উন্নীত করতে চায়।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব।
প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।
বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে দেশটি সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি প্রতিনিধি দলে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।