রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতি
  © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে এ সময়সূচি নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশন ভবন ও জাতীয় সংসদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন হবে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রক্রিয়া শুরু হলো। পরবর্তী সময়ে প্রয়োজনীয় অগ্রগতি ও হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলেও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। পরে গত ২৪ জুলাই তিনি পদত্যাগ করলে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।


মন্তব্য