মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

মেট্রোরেল
  © সংগৃহীত

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর। রাজধানীতে রাতে যাত্রীদের চাপ সামাল দিতে আরও দুটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি আগস্টের শেষ দিকে নতুন ট্রেন দুটি চালু হতে পারে। এতে রাতের শেষ ট্রেনগুলোর মধ্যকার ২০ মিনিটের বিরতি কমে প্রায় ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে।

গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় উভয় দিকে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে ট্রেনের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় শেষ দিকের ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। নতুন দুটি ট্রেন যুক্ত হলে এ চাপ কিছুটা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দুটি ট্রেন বাড়ানোর পর যাত্রীসংখ্যাও প্রায় ১০ হাজার বেড়েছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে রাতে শেষ ট্রেন রাত ১১টার দিকে চলাচল করতে পারে।

সময়সূচি বাড়াতে ইতোমধ্যে নতুন ট্রেন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। এরপর তাঁদের দিয়ে ট্রেন পরিচালনার পাশাপাশি রাতে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও প্রস্তুতি চলছে।

বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের দিকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। সকালে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সোয়া ৭টায়। আপাতত সকালে মেট্রোরেলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কর্তৃপক্ষের সক্ষমতা রয়েছে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন পরিচালনার। প্রকল্প গ্রহণের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত জনবল না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন ধাপে ধাপে চলাচলের সময় বাড়ানো হচ্ছে।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। পরিকল্পনা অনুযায়ী, এ রুটে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখে পৌঁছানোর কথা। এদিকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। বর্ধিত অংশ আগামী বছর চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজারে উন্নীত হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের মধ্য দিয়ে ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। পরে ধাপে ধাপে এর পরিধি বাড়িয়ে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এর দিন-তারিখ চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী মাস থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।


মন্তব্য