বাড়তে পারে বাসভাড়া

বাস
  © সংগৃহীত

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর এবার বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জ্বালানির নতুন দামের সঙ্গে সমন্বয় করে বাসভাড়া কতটা বাড়ানো হবে, মূলত তা নিয়েই আলোচনা হবে বৈঠকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

জানা গেছে, বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জ্বালানির দাম কী পরিমাণ বাড়লে বাসভাড়া কতটা সমন্বয় করা যায়, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। বৈঠকে মালিকদের বিভিন্ন দাবিও তুলে ধরা হবে। এরপর সরকার কী সিদ্ধান্ত নেয়, তা দেখা হবে।

এর আগে রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ফলে প্রতি লিটার ডিজেলে পরিবহন খরচ ২০ টাকা বেড়েছে।

বিআরটিএ সূত্র জানায়, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচের হিসাব পর্যালোচনা করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যান্য শ্রেণির বাসের জন্য পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে।

তবে প্রতি কিলোমিটারে বাসভাড়া ঠিক কত বাড়বে, তা বৈঠকের আলোচনা, সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব এবং পরবর্তী প্রক্রিয়া শেষে চূড়ান্ত করা হবে।


মন্তব্য