দ.এশিয়ায় সবচেয়ে অপরাধপ্রবণ ঢাকা

ঢাকা
  © ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে শহরটি। বৈশ্বিক তথ্যভিত্তিক ডাটাবেজ নাম্বিও প্রকাশিত ২০২৬ সালের ক্রাইম ইনডেক্স-এ এমন তথ্য উঠে এসেছে।

প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার তালিকাভুক্ত সব শহরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮, যা এ অঞ্চলের শহরগুলোর মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ, নাম্বিওর মূল্যায়নে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকটি বড় শহরের তুলনায় ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।

বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও উদ্বেগজনক অবস্থানে রয়েছে ঢাকা। বিশ্বের অপরাধপ্রবণ শহরগুলোর তালিকায় রাজধানীর অবস্থান ৫৯তম। এর অর্থ, অপরাধের হার ও নিরাপত্তাহীনতার বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরের মধ্যে ভারতের ম্যাঙ্গালোর নিরাপত্তা সূচকে ৭৪ দশমিক ৪ পেয়ে অঞ্চলটির অন্যতম নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে। এছাড়া পাকিস্তানের ইসলামাবাদ ৬৮ দশমিক ৬ নিরাপত্তা সূচক নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এমনকি পাকিস্তানের করাচি ও লাহোরও নিরাপত্তার দিক থেকে ঢাকার চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯, যা ঢাকার তুলনায় অনেক বেশি অনুকূল।

নাম্বিওর বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দাদের মধ্যে রাতে একা চলাচল নিয়ে উচ্চমাত্রার নিরাপত্তাহীনতা রয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের আশঙ্কাও শহরটির বাসিন্দাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি।

বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, অপরাধ পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, আবাসন ব্যয় এবং ট্রাফিকসহ বিভিন্ন সূচকের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে নাম্বিও। ২০২৬ সালের সর্বশেষ অপরাধ ও নিরাপত্তা সূচক ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের ইঙ্গিত দিয়েছে।


মন্তব্য