হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানা বক্তব্যে তোলপাড়
- সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৪ PM
গণবিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার দেওয়া এক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে কোনো বাধা নেই।
আজ সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে। যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক মতামত দেওয়ার উদ্দেশে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।