নজরুল ইস্যুতে ইসিকে জামায়াতের চিঠি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ PM
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। বিষয়টি জামায়াতের মিডিয়া উইং নিশ্চিত করেছে।
চিঠিতে বলা হয়েছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের অবগতির জন্য জানানো হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।