সারজিসের গাড়িতে হামলা

সারজিস
  © সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সাতটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নেতারা পৌরসভা প্রাঙ্গণ ত্যাগ করার সময় প্রধান ফটকের কাছে পৌঁছালে পেছন দিক থেকে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী জানান, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পেছন দিক থেকে ইট ছুড়ে গাড়িতে আঘাত করে। হামলায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


মন্তব্য