গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ PM
দেশে চলমান গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর কাছ থেকে আগামী তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে। একই সঙ্গে কারিগরি ত্রুটি কমিয়ে আনা হয়েছে এবং দ্রুতই বিদ্যুৎ সংকটের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সমস্যা তুলে না ধরে তা সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা দেওয়া প্রয়োজন। এ জন্য আগামী তিন মাসের মধ্যে সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর পক্ষ থেকে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হয়। আর জবাবদিহি থাকলেই দেশের উন্নয়ন সম্ভব।
তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি দেশের সব উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।