কাল রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার শপথ: চিফ হুইপ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ PM
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে ভোটগ্রহণের সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি জানান, এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে।
নুরুল ইসলাম মনি বলেন, ‘আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
চিফ হুইপ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয়েছে। এখন গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত কর্নেল (অব.) অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন। একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
সংসদীয় দলের বৈঠক
এর আগে বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর সভাটি শেষ হয়। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে চিফ হুইপের পাশাপাশি হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন
দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৯২ ভোট।
দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আবারও সংসদে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।