আমিরাতের ভিসা জটিলতা নিয়ে প্রবাসীদের আহ্বান
- মুহাম্মদ ইসমাইল, দুবাই (আরব আমিরাত)
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ PM
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে আমিরাতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকা এবং স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দুবাইয়ের স্থানীয় কস্তুরি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় আমিরাতে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সিনিয়র সহসভাপতি মুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। সভায় প্রবাসীদের পারস্পরিক ঐক্য, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আমিরাতের আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। দীর্ঘদিন ধরে লাখো বাংলাদেশি প্রবাসী হিসেবে দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে অনেক প্রবাসী সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, প্রবাসীদের কোনো কর্মকাণ্ড যেন দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমিরাতের প্রচলিত আইন, সামাজিক রীতি ও রাষ্ট্রীয় নিয়ম-কানুনের প্রতি সম্মান দেখানো প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তাফা মাহমুদ, এনাম চৌধুরী, মাহি আলম, রাজা মল্লিক, রাশেদ চৌধুরী, রাসেল আহমদ, সিআইপি জাকির হোসেন, জাহাঙ্গীর আলম রুপু, আমিনুল হক, শামসুন্নাহার স্বপ্না, নাজমুল হক, মীর মহিউদ্দিন, বদিউল আলম, কালাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নীল রতন, মামুন আলম ও ইলিয়াস আমির আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ সময় বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর পক্ষ থেকে সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, মেহেদি রুবেল, শামসুল হক ও কাজী নিজাম উল্লাহ বক্তব্য দেন।
সভায় বক্তারা বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।