হজ্বে গুণতে হবে যত টাকা

হজ
  © সংগৃহীত

২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুটি প্যাকেজের ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

এই প্যাকেজে সাধারণত সৌদি আরবে অবস্থানের সময় হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও গ্রহণ করা যাবে।

অন্যদিকে, ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।

এ প্যাকেজের হজযাত্রীদের জন্য মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা করা হবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

ধর্মমন্ত্রী জানান, মক্কার হোটেল হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি আরবের প্রচলিত বিধান অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।

সরকারের আশা, দুটি ভিন্ন ব্যয়ের প্যাকেজ চালুর মাধ্যমে বিভিন্ন আর্থিক সক্ষমতার মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পাবেন।


মন্তব্য