চাপে ফিফা সভাপতি

ফিফা
  © সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার ফিফার প্রস্তাবিত পরিকল্পনা নতুন করে চাপে পড়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও পরিকল্পাটির বিরোধিতা করেছে।

এক বিবৃতিতে এএফসি জানায়, ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। সংস্থাটির মতে, বিষয়টি শুধু একটি বাণিজ্যিক প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ফিফার পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে।

এর আগে উয়েফা সতর্ক করে জানিয়েছিল, বিতর্কিত প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের বিষয়টি বিবেচনা করবে। কনকাকাফও একই ধরনের আপত্তি জানিয়েছে।

এএফসির বিরোধিতার ফলে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৪৩টি সদস্য এখন পরিকল্পাটির বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। ফলে প্রস্তাবটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব রয়েছে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল-এর নাম আলোচনায় এসেছে।

এএফসি অভিযোগ করেছে, পরিকল্পনাটি প্রকাশের আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত পরামর্শ করা হয়নি। তাদের মতে, বিশ্বকাপ বর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয় জনসমক্ষে আলোচনায় চলে আসা বিশ্ব ফুটবলের জন্য উদ্বেগজনক এবং এমন পরিস্থিতি এড়ানো উচিত ছিল।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। তবে তিনটি আঞ্চলিক ফুটবল কনফেডারেশনের প্রকাশ্য বিরোধিতার পর প্রস্তাবটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।


মন্তব্য