মিশ্র শেয়ারবাজার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫ PM
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে দুই বাজারের প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী হলেও কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত সেই ধারা বজায় থাকায় মূল্যসূচকও ঊর্ধ্বমুখী অবস্থায় দিন শেষ করে।
দিন শেষে ডিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৫৫টির দাম কমেছে এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে পৌঁছেছে।
তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১১৩ কোটি ৫০ লাখ টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬৬ কোটি ৯৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।