দুধের দামে লাফ

দাম
  © সংগৃহীত

ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বাড়তি দামের চাপের মধ্যেই এবার বেড়েছে প্যাকেটজাত তরল দুধের দাম। দেশের পরিচিত কয়েকটি ব্র্যান্ডের দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

দাম বৃদ্ধির কারণ হিসেবে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, পশুখাদ্য, দুধ সংগ্রহ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। বাড়তি খরচ সমন্বয় করতেই দুধের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত তরল দুধ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসেই এই দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটের দামও ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব ব্র্যান্ডের এক লিটার প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।

দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ ব্যয় বৃদ্ধির পাশাপাশি দুধ সংগ্রহের খরচও বেড়েছে। ফলে আগের তুলনায় প্রতি লিটার দুধ উৎপাদনে বেশি ব্যয় হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, উৎপাদন ও সরবরাহ ব্যয়ের এই চাপ শেষ পর্যন্ত খুচরা বাজারেও প্রভাব ফেলছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের মধ্যে প্যাকেটজাত দুধের নতুন দামও ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।


মন্তব্য