ফের বাড়লো এলপিজির দাম
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM
সংকটের মধ্যেই আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রবিবার (৪ অক্টোবর) নতুন এ মূল্য নির্ধারণ করা হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২৫২ টাকা।
এর আগে গত সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
নতুন করে দাম বাড়ায় এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর গ্যাসের পেছনে মাসিক ব্যয় বাড়বে। পাশাপাশি এলপিজিনির্ভর বিভিন্ন ব্যবসা ও সেবা খাতেও ব্যয়ের চাপ বাড়তে পারে।
এদিকে এলপিজির দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। একদিকে সরবরাহ সংকট, অন্যদিকে দাম বৃদ্ধিতে মড়ার ওপর খড়ার ঘা এর মতো মনে করছেন তারা।