এলপিজির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৪ PM
চট্টগ্রাম নগরসহ সারা দেশে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
সোমবার (৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গ্যাস না থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে, যা শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
তাদের অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করলেও গ্রাহকেরা কাঙ্ক্ষিত গ্যাসসেবা পাচ্ছেন না। ফলে অনেক পরিবার বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে উল্লেখ করে তারা এই সিদ্ধান্তকে জনবিরোধী ও অযৌক্তিক বলে অভিহিত করেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, এলপিজির দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। অন্যদিকে অটোগ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে।
জামায়াত নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জনগণ যখন বিপর্যস্ত, তখন গ্যাস সংকট সমাধানের পরিবর্তে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারা জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রত্যাহারের আহ্বান জানান।
পাশাপাশি গ্যাস সরবরাহ, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ, গ্যাসের অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা।