ডিপফেক নিয়ে মৃণালের কড়া হুঁশিয়ারি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৮ PM
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই অভিনেত্রী। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে ম্রুণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি এআই প্রযুক্তির অপব্যবহার রোধে ভারতের বিনোদন অঙ্গনের অনেক তারকাই আইনি পদক্ষেপ নিয়েছেন। অনুমতি ছাড়া তাদের ছবি, কণ্ঠ বা পরিচয় ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি ও প্রচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো জনপ্রিয় তারকারা।
এর আগে একই ধরনের ঘটনার শিকার হয়ে অভিনেত্রী রাশমিকা মান্দানাও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রযুক্তি উন্নয়নের জন্য হলেও সেটিকে বিকৃতি ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা মানসিকতার অবক্ষয়ের পরিচয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পরবর্তীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ভারতীয় পুলিশ।