পশ্চিম তীর নিয়ে ভয়ংকর পরিকল্পনা

ইসরায়েল
  © সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে গাজার বেইত হানুনের মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

আজ শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেন-গভির বলেন, পশ্চিম তীরে যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালায়, তাদের শহর ও গ্রামকে গাজার বেইত হানুনের মতোই মোকাবিলা করা উচিত।

তিনি আরও বলেন, এ ধরনের হামলায় জড়িত ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দিতে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবেন।

বেন-গভিরের দাবি, প্রত্যেক নিহত ইহুদির বিনিময়ে প্রতিপক্ষকে জমি ও বসতবাড়ি হারানোর মূল্য দিতে হবে।

এদিকে শুক্রবার উত্তর-পশ্চিম পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল এলাকায় ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন নিহত হয়েছেন বসতি স্থাপনকারীদের হামলায়।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে পশ্চিম তীরে ১ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।


মন্তব্য