ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা, স্বস্তিতে বাংলাদেশ!

ট্রাম্প
  © ফাইল ছবি

বাংলাদেশসহ ৭৫ দেশের গ্রিনকার্ড স্থগিতের সিদ্ধান্ত অবৈধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন আদালতের রায়

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনা ও প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট ওয়াশিংটনের কলাম্বিয়া জেলার জেলা আদালতের বিচারক অমিত মেহতা এ রায় দেন।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়া, ভেনেজুয়েলাসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনা ও গ্রিনকার্ড প্রস্তুতের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।

সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে অপরাধপ্রবণতা, কর্মবিমুখতা এবং সরকারি-বেসরকারি সহায়তার ওপর নির্ভরশীলতার প্রবণতা বেশি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে মামলা করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিকরা। ওয়াশিংটনের কলাম্বিয়া জেলা আদালতে দায়ের হওয়া মামলার রায়েই ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আইনবহির্ভূত বলা হয়েছে।

রায়ে বিচারক অমিত মেহতা বলেন, ৭৫ দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া স্থগিতের পক্ষে পররাষ্ট্র দপ্তর যে যুক্তি দিয়েছে, তা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রায় ঘোষণার আগে শুনানির সময়ও বিচারক পর্যবেক্ষণ দেন যে, আইএনএ অনুযায়ী কংগ্রেস পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে ক্ষমতা দিয়েছে, প্রশাসন তার সীমা অতিক্রম করেছে।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের এ নীতিকে অবৈধ ঘোষণা করল। এর আগে গত মে মাসে ম্যাসাচুসেটসের একটি জেলা আদালতও একই ধরনের রায় দিয়েছিল।


মন্তব্য