নারী কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন ইনফান্তিনো
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০৫:১০ PM
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় দায়িত্ব পালনকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক ছিলএমন এক নারীকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।
তবে ইনফান্তিনোর মুখপাত্র এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, অভিযোগগুলো ‘সম্পূর্ণ মিথ্যা’। ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো ধরনের অনুপযুক্ত আচরণের ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মকর্তা-কর্মচারীও কখনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি।
ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন। ২০০৯ সালে সংস্থাটির মহাসচিবের দায়িত্ব নেন এবং ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ওই পদে ছিলেন।
দ্য টেলিগ্রাফের তদন্তে দাবি করা হয়েছে, উয়েফায় দায়িত্ব পালনের সময় ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে সংস্থাটি ছয় অঙ্কের অর্থ প্রদান করে। তবে অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেনি উয়েফা।
উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীকে ‘বিদায়ী অর্থ’ হিসেবে অর্থ প্রদান করা হয়েছিল। এর মধ্যে স্থানীয় একটি ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠানে তার এমবিএ সম্পন্ন করার খরচও অন্তর্ভুক্ত ছিল।
সংস্থাটির দাবি, সে সময় প্রচলিত নিয়ম মেনেই ওই অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে উয়েফার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে সেগুলো আরও আধুনিক ও উচ্চমানের প্রতিষ্ঠানের উপযোগী করা হয়েছে।
অন্যদিকে ইনফান্তিনোর মুখপাত্র অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, ইনফান্তিনোর আচরণ নিয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মকর্তা-কর্মচারী কখনো অভিযোগ করেননি। কারণ, ইনফান্তিনোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুপযুক্ত ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন তিনি।