ট্রেনভাড়া বাড়বে কি না? যা জানা গেল

ভাড়া
  © সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া বাড়ানোর জন্য রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়বে। গত ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। তবে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, ভাড়া না বাড়িয়ে বিদ্যমান ভাড়াই যাতে বহাল রাখা যায়, সে চেষ্টা করা হচ্ছে। ফলে আপাতত ট্রেনের ভাড়া আগের মতোই থাকছে। একান্তই ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় রেখেই সর্বনিম্ন পর্যায়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে কোনো নৈরাজ্য বা জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না।

সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান নৌপরিবহনমন্ত্রী।

তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে সে বিষয়ে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য