শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত?
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪২ PM
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। একইসঙ্গে ভারত সরকার জানিয়েছে, দেশটির ভূখণ্ড থেকে তাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, লোকসভায় উপস্থাপিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত কাঠামো অনুসারে পরীক্ষা করে দেখছে।
কমিটি জানিয়েছে, আদালতের রায়ের পর বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ তারা আমলে নিয়েছে এবং এ বিষয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির মানবিক নীতি এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের আলোকে বিবেচনা করা হয়েছে।
এছাড়া ভারত সরকার সংসদীয় কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার যে নীতি রয়েছে, এ ক্ষেত্রেও সেটিই অনুসরণ করা হয়েছে।
সংসদীয় কমিটি সরকারকে মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি এ ধরনের সংবেদনশীল বিষয় আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনার সুপারিশ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া