আখতারুজ্জামান ইস্যুতে জামায়াতের বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ PM
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মিথ্যা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অন্যায়ের প্রতিবাদ করে আখতারুজ্জামান আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
জামায়াত-শিবিরকে গুপ্ত বলার আগে নিজেদের চেহারা আয়না দেখার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেত না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখতো।
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নয় বরং সরকারের তলে-তলে যোগাযোগ ও সখ্যতা রয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, এজন্যই আওয়ামী লীগ রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে। পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে এলে বিরোধীদল সহযোগিতা করবে।
ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ। সমাবেশে শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়-প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন গিয়ে শেষ হয়।